মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

কাগজের ফুল

কাগজ ফুলে ওই
রঙ ধরছে সই
মনের কথা এখন আমি কারে গিয়ে কই?

সবুজ মাঠের ওপরে
মেঘ নেমেছে দুপুরে
আঁধার এলো মনের ঘরে আলো জ্বালে কে?

পুকুর ঘাটে যাবো না
তরাস বুকের বাজনা
ধুকপুকিয়ে পাখি বুঝি ডানা মেলে ওই

রাতের ঘুমে বলে সে
স্বপন যেন না আসে
চোখের পাতা খোলা খাতা নাম সে লিখেছে

ভেবে ভেবেই আজ
এলোমেলো কাজ
আকাশকুসুম পাড়তে গিয়ে কেড়ে নিল মই

রবিবার, ১৫ জুলাই, ২০১৮

ছুঁয়ে ছুঁয়ে

ছুঁয়ে ছুঁয়ে যায়
চেনা আচেনায়
কাছে এসে যদি কেউ বসে
বিকেলের আলো
আঁচলে জড়ালো
স্বপ্নেরা ডানা মেলে ভাসে

আলতো আঙুলে
খোঁপা খসা চুলে
দেখেছি তোমায় আনমনে
মনের এই বাসা
যাওয়া আর আসা
পথটুকু নিয়েছি যে চিনে

সেই পথে চলে
যেন আবডালে
কোন কথা মিশে থাকে শ্বাসে
খোয়াব খোয়ানো
রাংতা মোড়ানো
স্বপ্নেরা ডানা মেলে ভাসে

সোমবার, ২১ মে, ২০১৮

দ্বিতীয় দিন

যে দুটি বইএর দরজা খুলে কবিতার সাথে দেখা হল, তারা হলেন 'সঞ্চিতা' এবং 'সঞ্চয়িতা'। চেতনে অবচেতনে রক্তে মিশে গেল 'বীরপুরুষ', 'বিদ্রোহী', 'লুকোচুরি', 'কাঠবেড়ালি' সহ আরও অসংখ্য শব্দ ঝংকার। মনের অলিন্দে আজও তাদের অনায়াস চলাফেরা। তৈরী করে ভাষার প্রতি ভালোবাসা, যোগান দেয় স্বপ্ন দেখার উপাদান। জ্বালিয়ে দেয় সেই স্বতন্ত্র ধূপ, যা থেকে সুরভীত হয় জীবনের অকিঞ্চিতকর অস্তিত্ব।


শুক্রবার, ১৮ মে, ২০১৮

সাতদিনে সাত প্রিয় বইঃ প্রথম দিন

খেলাটা মজার, খেলাটা কঠিন। সাতদিনে সাতটি প্রিয় বইএর নাম।

যখন যে বই পড়ি, তখন সেই বইএ ডুবে যাই। বালির পাহাড়ের মতো সে কখনও উঁচু হয়ে ওঠে আবার হাওয়ায় অন্য কোথাও। পরদিন গিয়ে হয়তো সেই পাহাড়কে খুঁজে পাওয়া যায়না।

নিজের শহর থেকে ভিণদেশে পাততাড়ি গোটানোর সময়, বিমান কোম্পানির নিয়ম মেনে মালপত্রের ওজনের সীমা বাঁধা ছিল। তখন আর সব জরুরী বেঁচে থাকার সরঞ্জামের সাথে অক্সিজেন সিলিন্ডার রূপী যে দুটি বই সাথে ছিলেন, তারা হলেন 'শেষের কবিতা' আর 'গীতবিতান'।



শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

স্বপ্নচূড়া

দিনের খাতায় তার নামতা লেখা
ধানের পাতায় সেই গল্প শেখা
রোদের নিচে উড়ো খবর নিতে
বাড়িয়ে হাত, জনান্তিকে
ঘামের আঙুল যেন দুয়েক ফোঁটা
ফিকে হাসির, অস্তরেখা
মিলিয়ে দিল কোন হাঁসের ডানা
গোপন কথার সে আস্তানা
মরালগ্রীবায় এলো আলোর রেণু
স্বপ্নচূড়ায় সে যে কী দেখিনু?

সোমবার, ২ এপ্রিল, ২০১৮

অপেক্ষা

কোনদিন আড়াল ছিল নাকি?
উষ্ণতায় প্রাণের ঢাকাঢাকি
মেদুর এক ঝড়ের বিকেল বোধহয়
হাঁটতে যেতে আঙুল ছুঁতে হয়
সাইকেলের সামনে সিটে বসে
কাঁপতে থাকে বৃষ্টিফোঁটার দেশে
হঠাৎ আসা রেলগেটের বাধা
নামিয়ে মাথা কালোয় কিম্বা সাদা
সাবধানে, পরীক্ষা শুরু হল
ঘন্টাখানেক আপেক্ষাই কর
তারের ওপর ফড়িং এসে বসে
ভিজে বাতাস বুকের আশেপাশে

ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com

 এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com