শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

স্বপ্নচূড়া

দিনের খাতায় তার নামতা লেখা
ধানের পাতায় সেই গল্প শেখা
রোদের নিচে উড়ো খবর নিতে
বাড়িয়ে হাত, জনান্তিকে
ঘামের আঙুল যেন দুয়েক ফোঁটা
ফিকে হাসির, অস্তরেখা
মিলিয়ে দিল কোন হাঁসের ডানা
গোপন কথার সে আস্তানা
মরালগ্রীবায় এলো আলোর রেণু
স্বপ্নচূড়ায় সে যে কী দেখিনু?

সোমবার, ২ এপ্রিল, ২০১৮

অপেক্ষা

কোনদিন আড়াল ছিল নাকি?
উষ্ণতায় প্রাণের ঢাকাঢাকি
মেদুর এক ঝড়ের বিকেল বোধহয়
হাঁটতে যেতে আঙুল ছুঁতে হয়
সাইকেলের সামনে সিটে বসে
কাঁপতে থাকে বৃষ্টিফোঁটার দেশে
হঠাৎ আসা রেলগেটের বাধা
নামিয়ে মাথা কালোয় কিম্বা সাদা
সাবধানে, পরীক্ষা শুরু হল
ঘন্টাখানেক আপেক্ষাই কর
তারের ওপর ফড়িং এসে বসে
ভিজে বাতাস বুকের আশেপাশে

বুধবার, ১৪ মার্চ, ২০১৮

মেঘ জল ঘুম

মেঘ কে, বলি ছুটি
ছোটো ছোটো গুটিশুটি
আকাশের খোলা জানলায়
রোদ্দুর যদি ছলকায়
ভালো আলো ভুলত্রুটি
জলের, কাছে এসো
পাল তুলে স্রোতে ভেসো
বাতাসের ঘুম ওড়নায়
মন মাঝে যদি জানা যায়
পর্দা আড়ালে বোসো
ঘুমের, ডাকে আসে
রোজকার নিঃশ্বাসে
ছেঁড়া রোদ নিয়ে বিছানায়
সব কিছু যদি ভুলে যায়
দেখা হয় ভুল বাসে

সোমবার, ৫ মার্চ, ২০১৮

একলা ডানায়

কালের পিঠে পাল খাটিয়ে অনেক বছর পরে
পুরোন পাড়ায় চলতে গিয়ে এমনি চোখে পড়ে
মিলিয়ে গেছে দালান কোঠা পাল্টে গেছে পথ
মহীরুহ নিভিয়ে ওঠা মস্ত ইমারত
চকচকে সেই আলোকদ্যুতি আমার চোখের মাপে
ঘোরলাগা এক জয়ধ্বনি হাততালিতে ডাকে

স্রোতের সাথে বিবর্তনে অনেক প্রিয়মুখ 
বয়স ছাড়াও অন্য কিছু, আপাত অদ্ভুত
যে মনেতে আলয় ছিল, এখন শুধু ভয়
কার পাশে আজ বসবো গিয়ে, বড়ই সংশয়

চোখের শরণ ফুরিয়ে এখন ঘেন্না অবশিষ্ট
ভীড়ের মাঝে একলা ডানা হারায় অনির্দিষ্ট

শনিবার, ৩ মার্চ, ২০১৮

ঝাপসা সম্পর্ক

দুটো সুপুরী গাছের ফাঁকে দ্বিতীয়ার চাঁদ আটকা পড়ে আছে। নারকেলের ঝিরিঝিরি পাতার ওপর তার আলো ভিজিয়ে দিচ্ছে। টানা ঝিঁঝির ডাক গ্রামের নির্জনতাকে আরও গাঢ় করে। নদীর অন্য পাড় থেকে ভেসে আসছে, কোনো এক উৎসব বাড়ি থেকে ফিরে আসা ব্যান্ড পার্টির কর্নেটের সুর। দলছুট কিছু জোনাকি ঘুরে ঘুরে একবার এই ঝোপ, একবার অন্য। তার মাঝেই ফাল্গুন পূর্ণিমা পার করে একটা ঠান্ডা হাওয়া, মনে করিয়ে দেয় সম্পর্কের ফাটল। আত্মীয়তা, একাত্ব-বোধের মতো কতগুলো অপরিমিত শব্দ, অপ্রাসঙ্গিক মন খারাপের আগুন উসকে দেয়। নিভে যাওয়া উনোনের আঁচ, ইতিহাসের রক্তের উষ্ণতার মতন মিইয়ে গেছে। চেনা মুখেরা সবাই মুখোশের আড়ালে। শিরশিরে ঠান্ডা বাতাসের সাথে ভাঙা চাঁদের সখ্যতা আর প্রিয় মানুষদের ওম দূরতিক্রম্য পাহাড়। সেখানে আলোর খেলাপী সুতো বিস্তৃর্ণ ফসলের ক্ষেতে কুয়াশার চাঁদোয়া হয়ে ভেসে থাকে। কোন মানুষ কার পাশটিতে গিয়ে বসবে বুঝতে পারেনা। আটকা পড়া চাঁদ ক্রমে ঝাপসা হতে থাকে।

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

যৌথ জীবন


তবু কারা ভালোবাসে
স্বপ্নের এজলাশে
নিয়ে আসে যত দোষত্রুটি
ফিরে যায় ঘুমচোখে
বিষাদকে মনে রেখে
হারানো রাতের খুনসুটি

চেনাতে চিনতে আড়াল
অভ্রস্পর্শী দেওয়াল
অক্ষম হাতে কারুকাজ।
নেই, তবু থেকে যায়
নিঃশ্বাস নিরুপায়
পলি জমে কপালের ভাঁজ

এধারে দাঁড়িয়ে একা
কিছুটা আলোয় ঢাকা
বাকিটা প্রকৃত অন্ধকার
বাতাসের ধীর গতি
প্রলাপের অনুভূতি
দুজনে যুদ্ধে একাকার

ফিরে যায় গৃহকোণে
কতকটা আনমনে
চিরস্থায়ী ভাতের অভ্যেস।
আছে, কিন্তু সব খালি
ইঁটকাঠ ধুলোবালি
শুরুতেই লেখা থাকে শেষ


ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com

 এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com